জাতীয় সংসদের শূন্য হওয়া চার আসনের উপনির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দিনভর সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নেতাকর্মীদের নিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন।
প্রথম দিন ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের বিপরীতে ২৩ জন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে জমা দেন চারজন। ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলের সংসদীয় বোর্ড।
এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা সংকটের মধ্যেও চারটি আসনে প্রথম দিন ২৩ জন ফরম সংগ্রহ করেছেন। তাদের সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছি। মনোনীত প্রার্থীরা ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনে থাকবেন। জনগণ ভোট দিতে পারলে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করছি।’
গতকাল সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। ১০ হাজার টাকা মূল্যমানের ফরম সংগ্রহ করে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিতে হচ্ছে। ফরম সংগ্রহ করে নেতারা জানান নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হলে তারা বিজয়ী হবেন। এজন্য ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
গতকাল সকাল ১০টায় রিজভীর কাছ থেকে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা ব্যবসায়ী বাহাউদ্দিন সাদী। কয়েকশ’ নেতাকর্মী নিয়ে কার্যালয়ে এলেও স্বাস্থ্যবিধি মেনে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি ফরম সংগ্রহ করেন। পরে বাহাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে আমরা উপনির্বাচনে অংশ নিচ্ছি। দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। তাদের অধিকার রক্ষার জন্যও এই অংশগ্রহণ।’
এই আসনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি হাজী মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও বিএনপি নেতা ইসমাইল হোসেন ফরম সংগ্রহ করেন। পরে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের সমর্থন আমার সঙ্গে। আমি সবসময় রাজপথে রয়েছি। আশা করছি, মনোনয়ন পাব।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন করেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। তিনি আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। গতকাল এই আসনে বি এম তহবিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা ও রবিউল হাসান ফরম সংগ্রহ করেন।
নওগাঁ-৬ আসনে আবদুস শুকুর, এম এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এসহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাঈদ রফিকুল আলম রফিকসহ মোট ৮ জন মনোনয়ন ফরম কেনেন।
ঢাকা-৫ আসনে ফরম সংগ্রহ করেন সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবীউল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু। একাদশ সংসদ নির্বাচনে এখানে বিএনপির প্রার্থী হন নবীউল্লাহ নবী এবং ঢাকার ২০টি আসনে দলীয় প্রার্থীদের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পান। পরে নবীউল্লাহ নবী বলেন, ‘নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সেরেছি। গত নির্বাচনের পর এবং করোনাকালে মানুষের পাশে রয়েছি। আশা করছি, নির্বাচনে এর প্রভাব পড়বে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। আর সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে এখনো পূর্ণ তফসিল ঘোষণা হয়নি।
