মাসুদ রানা-কুয়াশা সিরিজ

৩১০ বইয়ের স্বত্ব আপাতত সেবা প্রকাশনীর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮ এএম

সেবা প্রকাশনীর ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বই এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমকে স্বত্ব দিয়ে কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। কপিরাইট অফিসের রায় চ্যালেঞ্জ করে লেখক কাজী আনোয়ার হোসেনের করা এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ স্থগিতাদেশ দেয়।

কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্তকে এখতিয়ারবহির্ভূত উল্লেখ করে তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। সংস্কৃতি সচিব, কপিরাইট অফিস, রেজিস্ট্রার অব কপিরাইটস এবং কপিরাইট বোর্ডকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

‘মাসুদ রানা’ ও ‘কুয়াশা’ সিরিজের ৩১০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমকে স্বত্ব দিয়ে গত ১৪ জুন সিদ্ধান্ত দেয় কপিরাইট অফিস। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন কাজী আনোয়ার হোসেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন ও এবিএম হামিদুল মিসবাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য।

গত বছর ২৯ জুলাই ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০ এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি এবং সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ কপিরাইট অফিসে একটি আবেদন করেন শেখ আবদুল হাকিম। এরপর গত ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয়। এতে বলা হয়, শেখ আবদুল হাকিমের দাবি করা মাসুদ রানা সিরিজের ২৬০টি বইয়ের মধ্যে একটি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের মধ্যে ছয়টিতে লেখক হিসেবে তার নামে কপিরাইট করা আছে। অন্যগুলোর কপিরাইট করা নেই। তবে সেগুলো তার লেখা এটি তিনি প্রমাণ করেছেন। কপিরাইট অন্তর্ভুক্তির জন্য তাকে প্রতিটি বইয়ের জন্য আলাদা করে আবেদন করতে হবে। এরপর প্রতিটি বইয়ের লেখক হিসেবে তার নাম যাওয়ার পাশাপাশি, কপিরাইটও তার হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত