কুমার শানুর বিখ্যাত সেই গান ইমরানের কণ্ঠে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৯ এএম

ইলিয়াস কাঞ্চন, দিতি, সোহেল চৌধুরী ও সুচরিতা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘প্রেমের প্রতিদান’, পরিচালনা করেন ফজলে আহমেদ বেনজীর। সেই ছবির ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ গানটি এখনো স্মরণ করা হয়।

নজরুল ইসলাম বাবুর লেখা এ গানের সুর ও সংগীত শেখ সাদী খানের। মূল সুর ঠিক রেখে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নতুন করে সংগীতায়োজন করেছেন হালের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় রোমান্টিক গানটি। অনেক অনুষ্ঠানে অনেকবার এটি গেয়েছি। এবার নিজে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে।”

৭ সেপ্টেম্বর থেকে গানটির ভিডিও নির্মাণ শুরু হয়েছে— ঢাকা ও সিলেটে। ইমরানের সঙ্গে মডেল হয়েছেন মারিয়া ননী। গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ভিডিওটি।

এর আগে দু-একটি জনপ্রিয় গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন ইমরান।

এ দিকে গায়ক জানালেন, ঈদুল আজহায় সিঁথি সরকারের সঙ্গে প্রকাশিত ‘জানি পাবো না’ গানটি ৪৩ লাখ ভিউ পেয়েছে ইউটিউবে।

ইমরান সোশ্যাল মিডিয়ায় বলেন, ৪ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে ‘জানি পাব না’। এবারের ঈদে যতগুলো গান এবং কনটেন্ট বের হয়েছে ‘জানি পাব না’ গানটির সগৌরবে সবচেয়ে এগিয়ে আছে । আপনাদের অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি আপনাদের কাছ থেকে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত