রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন বৃহস্পতিবারও খারিজ করেছে মুম্বাইয়ের দায়রা আদালত। সেখানে জানালেন, জোর করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত মাদকের ঘটনায় মঙ্গলবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হন বাঙালি অভিনেত্রী। ওই দিন রাতেই তাঁকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে।
এনসিবি-র দাবি মেনে রিয়ার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। খারিজ হয় রিয়ার জামিনের আরজি। বুধবার সকালে সেশন কোর্টে রিয়ার নতুন জামিনের আবেদন দাখিল করেন অভিযুক্তের আইনজীবী সতীশ মানশিন্ডে।
সেই আবেদনে মানশিন্ডে জানান, তার মক্কেল ‘নির্দোষ’ এবং ২৮ বছরের এই অভিনেত্রীকে ‘মামলায় মিথ্যা ফাঁসানো হচ্ছে’। তিনি দাবি করেন, রিয়া কোনো রকম অপরাধ করেননি।
জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয়, জেরার সময় কোনো নারী অফিসার ছিলেন না, যা আইনানুসারে বাধ্যতামূলক। রিয়া নিজেও অভিযোগ করেন, মাদক নেওয়ার ব্যাপারে তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তিনি এ জাতীয় সমস্ত অপরাধের স্বীকারোক্তি প্রত্যাহার করছেন। এই দাবিতেই রিয়া বিশেষ আদালতে জামিনের আবেদন করেছিলেন। তবে, বুধবারের মতো এ দিনও রিয়ার জামিনের আবেদন খারিজ হয়।
এনসিবি’র তরফে দাবি করা হয়েছে, রিয়া চক্রবর্তী ‘ড্রাগ সিন্ডিকেট’-এর সক্রিয় সদস্য। সুশান্তর জন্য তিনিই মাদক আনাতেন। সেই প্রেক্ষিতেই হেফাজতে নেওয়া হয় রিয়াকে। সুশান্তর অপমৃত্যুর ঘটনায় এনসিবির পাশাপাশি তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি।
তবে রিয়ার জামিনের আবেদনের ব্যাপারে আদালত শুক্রবার নির্দেশ দেবে।
