ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই যানজট মহসড়কের অন্তত দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় বলে জানা গেছে।
মহাসড়কের গোড়াই এলাকায় চারলেন প্রকল্পের কাজ চলমান থাকা, মাওয়া ঘাট বন্ধ এবং পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে হাইওয়ে পুলিশ জানায়।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে গোড়াই এলাকার ২০০ গজ রাস্তায় অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত থেকে ওই খানাখন্দক এলাকায় সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।
এদিকে মাওয়া ঘাট বন্ধ এবং পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় এ মহাসড়ক দিয়ে যানবাহন বৃদ্ধি পেয়েছে। সে কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। সংস্কার কাজ খুব দ্রুত শেষ হবে এবং যানজট নিরসন হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে ধীর গতিতে যান চলছে বলে জানা গেছে।
