এএফসি কাপ বাতিলে হতাশ ব্রুজন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০২:০৮ এএম

মার্চে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনার পর এএফসি কাপের ইন্টারজোন সেমিফাইনাল প্লে-অফে খেলার স্বপ্নটা আরও বড় হয়ে দেখা দিয়েছিল। করোনার কারণে আসরটি স্থগিত হওয়ার পরও স্বপ্নটা বেঁচে ছিল বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের। ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর মালদ্বীপে ‘ই’ গ্রুপের ম্যাচের সূচি হয়ে যাওয়ায় স্পেন থেকে ফিরে এ মাসের শুরুতে শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েছিলেন কাজপাগল এই কোচ। কিন্তু বৃহস্পতিবার এএফসি কাপ বাতিলের খবর হতাশায় ডুবিয়েছে ব্রুজনকে। এএফসি কাপ জয়ের মতো বড় স্বপ্নে এমন আঘাত মেনেই নিতে পারছেন না তিনি। এশিয়ার ফুটবলের শীর্ষ সংস্থার এএফসি কাপ বাতিল এবং চ্যাম্পিয়নস লিগ আয়োজনের সিদ্ধান্তটা ব্রুজনের হতাশাকে যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

‘এ বছর এএফসি কাপে আর খেলতে পারব না, এটা আমাদের জন্য বড় দুঃসংবাদ। এই আসরটির জন্য আমরা সবাই কাজ শুরু করে দিয়েছিলাম। এমনিতেই ঘরোয়া ফুটবল স্থগিত হয়ে গেছে। যখন জানলাম মালদ্বীপে অক্টোবরে এএফসি কাপ হবে, তখন থেকেই পুরোদমে কাজ শুরু করি। দেশের শীর্ষস্থানীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন ছাড়াও ভালোমানের বিদেশিও চূড়ান্ত করি। অথচ এখন খেলাটাই হতে দিল না কভিড-১৯’ নিজের ফেইসবুক পেজে এভাবেই হতাশা উগড়ে দিয়েছেন ব্রুজন। এএফসির সমালোচনা করে ব্রুজন আরও বলেন, ‘সত্যিকার অর্থে ক্লাবের স্বার্থ পরিপন্থী এ রকম নেতিবাচক সিদ্ধান্ত কখনই আশা করিনি। খুব হতাশ লাগছে যখন দেখছি তারা এএফসি চ্যাম্পিয়নস লিগ ঠিকই সেপ্টেম্বরে দোহায় শুরু করতে যাচ্ছে।’

কোচের মতো হতাশা পেয়ে বসেছে কিংস খেলোয়াড়দেরও। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘অনেক দিন ধরে আশায় ছিলাম যে ম্যাচ খেলতে পারব। সে লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এএফসি কাপ বাতিল ঘোষণা করায় আমরা খুব হতাশ। দীর্ঘদিন না খেলার কারণে ম্যাচ টেম্পারামেন্টটাও কমে গেছে। আশা করেছিলাম এএফসি কাপ দিয়ে আগের ধারায় ফিরতে পারব। কিন্তু তা আরা হলো কোথায়?’

স্থানীয় ও বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করে বলতে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বসুন্ধরা কিংস। তাই ক্ষতিপূরণ চেয়ে এএফসিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করছে তারা। তবে তাতে বড় বিশেষ লাভ হবে বলে মনে করেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘এএফসি কোনো ক্ষতিপূরণ দেবে বলে আমার মনে হয় না। কারণ তাদের বাইলজে লেখা আছে, যেকোনো পরিস্থিতিতে, যেকোনো সময় তারা খেলা স্থগিত অথবা বাতিল করতে পারে। তারপরও কোনো ক্লাব যদি সরাসরি এএফসির সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ দাবি করে, সেটা হয়তো এএফসি বিবেচনা করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত