নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তুলাপাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাউদকান্দি গ্রামের আবুল কালাম (৪২) ও তার স্ত্রী ঋতু আক্তার (৩০)।
এদিকে, রাজধানীর খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে বাসের ধাক্কায় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের সিনিয়র রিপোর্টার একরামুদ্দৌলা (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, কালাম ও তার স্ত্রী অটোরিকশা করে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঋতু মারা যান। আহত কালাম ও অটোচালক নূর উদ্দিনকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে কালাম মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা তাওহীদুর।
মাদারীপুরে ইজিবাইক চাপায় শিশু নিহত : শিবচরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাইম মিয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইম উপজেলার আমিনউদ্দিন হাজীর কান্দি গ্রামের সালাম ফকিরের ছেলে।
স্থানীয়দের উদ্ধৃত করে শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার ভোরে মায়ের হাত ধরে শিশু সাইম রাস্তার পাশে হাঁটছিল। কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ মায়ের হাত থেকে ছুটে সামনে এগিয়ে যায় সে। এ সময় কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাংবাদিক আহত : রাজধানীর খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে বাসের ধাক্কায় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের সিনিয়র রিপোর্টার একরামুদ্দৌলা (৩৫) গুরুতর আহত হয়েছেন।
বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আবাদুজ্জামান শিমুল জানান, একরামুদ্দৌলার বাসা মিরপুরে। কোনো কাজে তিনি মোটরসাইকেল নিয়ে খিলক্ষেত দিয়ে যাচ্ছিলেন। তখনই তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। বাসটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে বলে জানান। জরুরিভাবে তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পাজরের ৫টি হাড় ভেঙে গেছে।
