পল্টনে বোমা বিস্ফোরণ

নব্য জেএমবির আরও ৪ সদস্য গ্রেপ্তার, তিন দিনের রিমান্ডে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৪ এএম

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে নব্য জেএমবির আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) একটি টিম। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলোÑ মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, মো. আল আমিন ওরফে আবু জিয়াদ, মো. মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত। এ সময় তাদের হেফাজত থেকে ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রেপ্তার এই চারজনের সঙ্গে আগে গ্রেপ্তার হওয়া শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের বিভিন্ন  গোপনীয় তথ্য আদান-প্রদানের প্রমাণ পেয়েছি। যোগাযোগের গোপনীয় অ্যাপসের মাধ্যমে পল্টন থানায় বোমা হামলার নির্দেশনা দিয়েছিলেন নাইমুজ্জামান। সেই নির্দেশনা অনুসরণ করেই এরা আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল।’

তিনি আরও জানান, আজ (গতকাল) তিন দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হামলার সঙ্গে সংগঠনটির আরও কারা ছিল, তাদের অবস্থান কোথায় সেসব বিষয়ে জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত