ইউএস ওপেন ২০২০

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ইউএস ওপেন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ পিএম

টেনিসের বিগ থ্রি’র অনুপস্থিতিতে ছেলেদের এককে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ইউএস ওপেন। ফ্লাশিং মিডোয় এই প্রথমবার ফাইনালে উঠলেন দুই নতুন মুখ আলেকজান্ডার জেরেভ ও ডমিনিক থিম।

সেমিফাইনালে জার্মান তারকা জেরেভকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন স্পেনের পাবলো কারেনো বুস্তা। যদিও খাদের কিনারা থেকে ফিরে শেষমেশ জয় তুলে নেন জেরেভ।

শেষ চারের অপর ম্যাচে অস্ট্রিয়ান তারকা থিম সরাসরি সেটে হারিয়ে দেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে। তবে লড়াইটা হয়েছে সমানে সমানেই। কারণ দুটি সেটের নিষ্পত্তি হয় টাই-ব্রেকারে।

জেরেভ ২ সেটে পিছিয়ে পড়ে সেমিফাইনালে ঘুরে দাঁড়ান। ৩-৬, ২-৬ গেমে প্রথম দুটি সেটে পরাজিত হওয়ার পর শেষ তিনটি সেট ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে পকেটে পোরেন তিনি এবং প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে ওঠেন।

অস্ট্রিয়ান তারকা থিম ৬-২, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৫) সেটে হারিয়ে দেন মেদভেদেভকে। এই নিয়ে চারবার কোনো মেজর ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন থিম।

যদিও এর আগে গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি তার। অর্থাৎ, ফাইনালে থিম বা জেরেভ, যিনিই বাজিমাত করুন না কেন, নতুন গ্র্যান্ড স্ল্যাম জয়ী পাবে টেনিস বিশ্ব।

উল্লেখ্য, এবার করোনার জন্য টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন রাফায়েল নাদাল। রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি চলতি মৌসুমে আর কোর্টে নামবেন না। নোভাক জকোভিচ লাইন জাজকে ভুলবশত আঘাত করে বহিষ্কৃত হন টুর্নামেন্ট থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত