নেটে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন। তাই ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ছিলেন না স্টিভেন স্মিথ। তারকা এই ব্যাটসম্যান দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত বলে জানিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
স্মিথের মাথায় আঘাত পাওয়ার খবরটা জানানো হয় বেশ পরে। শুক্রবার প্রথম ওয়ানডের টসের সময় অধিনায়ক অ্যারন ফিঞ্চ বিষয়টি জানানা। কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে নেটে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছিলেন স্মিথ। পরে তার ‘কনকাশন’ (মাথায় আঘাতজনিত জটিলতা) পরীক্ষা করানো হয়।
সংবাদমাধ্যমে খবর, দ্বিতীয় ম্যাচের আগে আবার কনকাশন পরীক্ষা করানো হবে স্মিথকে। এরপর তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছর ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে মাথায় বলের আঘাত পেয়েছিলেন স্মিথ। জোফরা আর্চারের একটি বাউন্সার তার মাথায় লাগে। পরে ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি স্মিথ।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা ১-০ তে এগিয়ে।
