রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষার দাবিতে রবিবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সংহতি সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। এদিকে সমাবেশ সফল করতে শনিবার বিকেলে এক প্রস্তুতি সভা করেছেন বাম জোটের নেতারা।
সভায় রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধের আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের কাছে রাখার জন্য সরকাররে প্রতি আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পাট কলসমূহ যে নামেই হোক কোনোভাবেই লুটেরাদের হাতে তুলে দেবার কোন অবকাশ নেই।
তিনি বলেন, মহামারি দুর্যোগের এক কঠিন প্রতিকূল সময়ে শ্রমিকসহ জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার এইভাবে ৫০ হাজার শ্রমিকের জীবিকা কেড়ে নিতে পারে না। বিজেএমসিসহ পাটকলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চুরি-দুর্নীতির জন্য শ্রমিকেরা কেন শাস্তি পাবে। পাটকলে লোকসানের যে কথা বলা হচ্ছে তার দায়দায়িত্ব কোনোভাবেই শ্রমিকদের নয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, জোনায়েত হোসেন, মোহাম্মদ আলমাস, বিলকিস বেগম প্রমুখ।
