উপজেলা পর্যায়ে সব সরকারি কর্মকর্তার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী তৃতীয় পলিসি ডায়ালগ অনুষ্ঠানের সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ সময় আরও বলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ইউএনওর ওপর হামলার ঘটনায় নারী কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করে তাদের বাসভবনে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো এখন থেকে সেসব এলাকায় নারী কর্মকর্তাদের বদলির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও যোগ করেন তিনি।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘২৫ বছরে জননীতির চ্যালেঞ্জসমূহ : আমরা কতটুকু প্রস্তুত’।
সেমিনারে এ সময় মুখ্য আলোচক ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন ও বিভিন্ন মন্ত্রণালয়ের বিশজন সিনিয়র সচিব অংশগ্রহণ করেন।
