আলিয়ার দুঃসময়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:১৯ পিএম

অভিনেত্রী আলিয়া ভাট সেভাবে এগোচ্ছিলেন, তাতে সবাই ধরেই নিয়েছিলেন তিনিই আগামী দিনগুলো রাজত্ব করবেন বলিউডে। কিন্তু সেই যাত্রায় প্রথম ধাক্কা ‘কলঙ্ক’। না, কোনো কেলেঙ্কারিতে এখনো জড়াননি দারুণ প্রতিভাময়ী এই অভিনেত্রী। কিন্তু তার অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘কলঙ্ক’ সুপারফ্লপ হওয়ায় প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয় তাকে। তাতেই যেন শনির দশা শুরু। বছর ঘুরতে না ঘুরতেই সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণ ভাটকন্যার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কঙ্গনা রানৌত একের পর এক তারকা সন্তানদের অ্যাটাক করেছেন, তার পক্ষে জনবল জড়ো করেছেন। এতে আলিয়ার সোশ্যাল মিডিয়ার ভক্ত কমতে শুরু করে। শুধু তাই নয়, সিনেমা হল বন্ধ থাকায় বাবা মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করা প্রথম সিনেমা ‘সড়ক ২’ ওটিটিতে মুক্তি পেলে সেটিও মুখ থুবড়ে পড়ে। চুক্তিবদ্ধ হবেন বা হয়েছেন এমন একাধিক সিনেমা থেকেও বাদ পড়েছেন তিনি। যদিও তার বিপরীত শিবিরের কঙ্গনাকেও এখন সেভাবে কেউ পছন্দ করছেন না। কিন্তু ক্ষতি যা হওয়ার আলিয়ার অনেকটাই হয়েছে! অভিনয় ছাড়া বলিউড তারকাদের সবচেয়ে বড় আয়ের উৎস বিজ্ঞাপন। এই মুহূর্তে দীপিকা পাড়ুকোনের পরেই বিজ্ঞাপনের বাজারে আলিয়ার অবস্থান। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কোনো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অভিনেত্রীর সঙ্গে চুক্তি করেনি, এমনকি আগের চুক্তিতে থাকা প্রতিষ্ঠানও অভিনেত্রীর বিজ্ঞাপনগুলো প্রচারের সাহস পাচ্ছে না। পরিস্থিতি বুঝে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গোপন  বৈঠকেও বসেছিলেন অভিনেত্রী। বিভিন্ন সূত্রে জানা গেছে, আলিয়া বলেছেন এখন তাকে বাদ দিয়ে যদি পণ্যের প্রচার করা হয়, তাতে তিনি কিছু মনে করবেন না। এ ছাড়া ঘনিষ্ঠজনদের পরামর্শমতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপরতা কমিয়ে দিয়েছেন তিনি।

এদিকে আলিয়ার ইমেজ সংকটে সবচেয়ে লাভবান হয়েছেন কিয়ারা আদভানি। গেল এক মাসে অন্তত পাঁচটি নতুন বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন ‘কবির সিং’ অভিনেত্রী। এ ছাড়া সারা আলি খানও প্রচুর বিজ্ঞাপনের প্রস্তাব পাচ্ছেন বলে জানা গেছে। 

তবে যারা সত্যিই ভালো অভিনয় দেখতে চান, যারা আলিয়ার প্রকৃত ভক্ত, তাদের জন্য সুখবরও আছে। তিনি এরই মধ্যে সঞ্জয়লীলা বানসালির আকাক্সিক্ষত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শ্যুটিংয়ে অংশ নিয়েছেন। এ সিনেমায় সিঙ্গিং সুপারস্টার শ্রেয়া ঘোষাল একটি আইটেম গান গেয়েছেন। যাতে নাচের জাদু দেখাতে প্রস্তুত আলিয়া। বানসালির সিনেমা মানেই একাধিক গানে শ্রেয়ার বাজিমাত। তবে তিনি কখনই শ্রেয়াকে দিয়ে আইটেম গান করাননি। এবারই প্রথম সেই ‘চিকনি চামেলি’র পর শ্রেয়ার দুষ্টুমিষ্টি এক্সপ্রেশন শোনা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত