কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মো. বাবর (২৮) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুলকরা দীঘিসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাবর ওই এলাকার আব্দুস সালাম ড্রাইভারের ছেলে। এ ছাড়া একই দিন সকালে রংপুরে ট্রাকের ধাক্কায় সুলতান মিয়া (৭০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে বন্ধু শাকিলকে সঙ্গে নিয়ে স্থানীয় মিয়া বাজার যাচ্ছিলেন বাবর। পথে ফালগুলকরা দীঘিসংলগ্ন স্থানে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবরের মৃত্যু হয়। রংপুরের ঘটনায় স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে হাজীরহাট থানার নজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন সুলতান মিয়া। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
