সমর্থকদের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৬ এএম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সমনে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিকেলে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে বিএনপি। প্রথমেই কফিল উদ্দিনের সমর্থকরা গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নেন। যুবদল নেতা জাহাঙ্গীরের সমর্থকরা তাদের হঠিয়ে সেই জায়গায় অবস্থান নিয়ে সেøাগান দিতে থাকেন। এ সময় মনোনয়ন প্রত্যাশিত বাহাউদ্দিন সাদী, মোস্তাফিজুর রহমান সেগুন, হাজি মোস্তফা ও আক্তার হোসেনের সমর্থকরা এক হয়ে জাহাঙ্গীরের সমর্থকদের প্রতিরোধ করেন। পরে জাহাঙ্গীর সমর্থকরা কফিলের সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন।

কফিল উদ্দিন বলেন, জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এতে আমার ১০ জন সমর্থক আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাজিম উদ্দিন নামে একজনের মাথা ফেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে জাহাঙ্গীরের দাবি, তার সমর্থকদের ওপর আগে হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, ‘তেমন বড় কিছু হয়নি।’ এর আগে গত শুক্রবার জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন করেছেন বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী। আবেদনকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।

গুলশান থানার ডিউটি অফিসার এস আর অমিত ভট্টাচার্য বলেন, শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সংঘর্ষের খবর আসে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত