ইউএস ওপেনে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩১ এএম

প্রত্যাশিতভাবেই ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই ডমিনিক তিম। রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে ক্যারিয়ারের চতৃর্থ গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পা রাখলেন এই অস্ট্রিয়ান। তবে আগের তিনবারই ফাইনালে উঠে শিরোপা হারানোর হতাশায় ডুবতে হয়েছে তাকে। রাফায়েল নাদালের কাছে ২০১৮ ও ২০১৯-এর ফাইনাল, আর গত জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা লড়াইয়ে নোভাক জকোভিচের কাছে হেরে যান এই অস্ট্রিয়ান। সেই দুই প্রতিপক্ষ নেই এবার, নেই রজার ফেদেরারও। এবার দারুণ সুযোগ তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের। সামনে তার আলেজান্দার ভেরেভ। সেমিতে স্পেনের পাবলো বুস্তাকে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়েছেন এই জার্মান।

প্রথম দুই সেট ৩-৬, ২-৬ গেমে হেরে যান ভেরেভ। কিন্তু পরে টানা তিন সেট জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড সø্যামের ফাইনালে উঠে যান। তিমের সঙ্গে লড়াইয়ে অবশ্য একবারও জিততে পারেননি ভেরেভ। গত অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালে শেষবার দেখাতেও হেরেছিলেন। মোট ১০ বারের দেখায় ৭ বারই জিতেছেন তিম। মাত্র তিনবার জিতেছেন রুশ বংশোদ্ভূত ভেরেভ। তাই গ্র্যান্ড স্ল্যাম জয়ীর খাতায় নাম লেখাতে বেশ উদ্বুদ্ধ তিম, ‘গত কয়েক বছরে এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং লক্ষ্য। ২০১৮ ফ্রেঞ্চ ওপেন ফাইনাল খেলার পর শিরোপা জয়ের ব্যাপারে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। আজ আমি আবারও সেই অবস্থানে দাঁড়িয়ে। অস্ট্রেলিয়ায় (অস্ট্রেলিয়ান ওপেন) শিরোপা জয়ের খুব কাছে ছিলাম। কিন্তু পারিনি। সেই হতাশা এখনো আছে। আশা করি এবার তা দূর করতে পারব। তবে আমার সামনে খুবই ভালো একজন প্রতিদ্বন্দ্বী আছে। সেও এই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। এই রবিবার আমার লক্ষ্য পূরণ না হলে আমাকে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে।’

এদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভেরেভ। জার্মান হিসেবে ১৯৯৬ সালের পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী হওয়ার হাতছানি তার সামনে। সে বছর বরিস বেকার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো জার্মান পুরুষ এককে গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। জার্মানদের সেই অপেক্ষা ভেরেভ ঘুচাতে পারবেন? এই প্রশ্নের উত্তর ফাইনালের জন্যই তুলে রাখলেন ‘এটা ঠিক, এখন ইউএস ওপেন যেকেউ জিততে পারে, স্পষ্ট ফেভারিট নেই। সেখানে আমারও সুযোগ আছে। কিন্তু এট্ওা ঠিক, এখন আমরা সবাই সমান প্রতিদ্বন্দ্বী। সবার শক্তি-সামর্থ্য সমান। এখানে যে ভালো খেলবে সেই জিতবে। আমাকে তাই সেমিফাইনালে যেমন শক্ত টেনিস খেলতে হয়েছে ফাইনালেও খেলতে হবে। অবশ্যই আমি আশাবাদী কিন্তু রবিবারই দেখা যাবে কী হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত