উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে একসময়ের সাড়া জাগানো নায়ক ও সংসদ সদস্য ফারুককে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সকাল ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’কে বহনকারী বিমানটি। তিনি সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, “যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত চলাচল না করায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানে তাকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে গেছেন তার স্ত্রী ফারহানা ফারুক।”
মূলত জ্বর ও ঠান্ডা নিয়ে গত মাসের মাঝামাঝিতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। ২৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় চলে এলেও থেমে থেমে জ্বর আসতে থাকে।
কয়েক দিন আগে স্বামীর অবস্থা আশঙ্কাজনক জানিয়ে ফারহানা ফারুক বলেন, “তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দিতে হবে। এ জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করছি আমরা।”
ফারুকের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আবারও তার করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। পাশাপাশি তার টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু জ্বর না সাড়ায় দুশ্চিন্তা বাড়ছে এই অভিনেতাকে নিয়ে। ইউনাইটেডে বেশ কয়েক দিন চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তাকে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়।
