প্যাট্রিস লুমুম্বার দাঁত ফেরত দেবে বেলজিয়াম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:০২ পিএম

আততায়ীর হাতে নিহত কঙ্গোর স্বাধীনতার নায়ক ও প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার মরদেহের একটি দাঁত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সেই চিহ্ন তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম।

কয়েক দশক ধরে এ নিয়ে কঙ্গোর সঙ্গে বেলজিয়ামের দেনদরবার চলছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেল লুমুম্বার পরিবার।

বেলজিয়ামের এক আদালত তার মরদেহের অবশিষ্টাংশ কঙ্গোয় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ১৯৬০ সালে ৩৪ বছর বয়সে সদ্য স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হন প্যাট্রিস লুমুম্বা। কিন্তু কয়েক মাস পরই সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মোবুতু সেসে সেকো। তখন লুমুম্বাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

১৯৬১ সালে বিচ্ছিন্নতাবাদীরা তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করে। এমনকি যাতে কবর তীর্থস্থানে পরিণত না হয়, সে জন্য লুমুম্বার মরদেহও অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়।

মরদেহ পুড়িয়ে ফেলার পর সেখানে উপস্থিত থাকা এক পুলিশ কর্মকর্তা দাঁত সরিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন বলে জানা যায়।

এ দাঁত সত্যিই লুমুম্বার কিনা তা নিশ্চিত হতে প্রয়োজন ডিএনএ টেস্ট। কিন্তু বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের দপ্তরের মুখপাত্র এরিক ফন ডুয়েসে জানান, এই দাঁতের ডিএনএ পরীক্ষা করার উপায় নেই। তিনি বলেন, ‘‘এমন টেস্ট করতে গেলে দাঁতটাই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।''

বিচারকেরা অবশ্য যেখান থেকে এই দাঁত উদ্ধার করা হয়েছে, তাতে এটি যে লুমুম্বারই তা নিশ্চিত হয়েছেন। তবে এ বিষয়ে ডুয়েসে বিস্তারিত জানাতে রাজি হননি।

প্যাট্রিস লুমুম্বার মেয়ে জুলিয়ানা ডয়চে ভেলেকে জানান, এই রায়ে তার পরিবার অনেক খুশি হয়েছে। বলেন, ‘‘এটা একটা দারুণ বিজয়। যে দেশ ও দেশের স্বাধীনতার জন্য আমার বাবা প্রাণ দিয়েছেন, মৃত্যুর ৬০ বছর পর তার মরদেহের অবশিষ্টাংশ তার পূর্বপুরুষের মাটিতে ফেরত আসছে।”

প্যাট্রিস লুমুম্বার ছেলে ফ্রাঁসোয়া লুমুম্বা মনে করেন বেলজিয়াম সরকারের উচিত দ্রুত এই দাঁত কঙ্গোর রাজধানী কিনশাসায় পাঠানোর উদ্যোগ নেয়া।

আফ্রিকা মহাদেশের ইতিহাসে লুমুম্বার হত্যাকাণ্ডকে বড় একটা ঘটনা হিসেবে দেখা হয়। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় তাকে উৎখাতে সেনা অভ্যুত্থান ও পরবর্তীতে হত্যায় বেলজিয়াম ও মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়েও নানা প্রশ্ন রয়েছে।

পরবর্তীতে বেলজিয়ান পার্লামেন্টের এক তদন্তে লুমুম্বার মৃত্যুতে সরকার ‘নীতিগতভাবে দায়ী’ বলে প্রমাণ পাওয়া যায়। ১৯৭৫ সালে মার্কিন সিনেট কমিটি প্রমাণ পায় সিআইএ লুমুম্বাকে হত্যার বিফল চেষ্টা চালিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত