চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সিনেট সভায় ২০২০-২১ অর্থবছরের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। উপাচার্য শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। 

উপাচার্য শিরীণ আখতার জানিয়েছেন, দুই মাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে।

রবিবার ৩২তম সিনেট অধিবেশনে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক দানেশ মিয়ার স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তাবনার জবাবে এ সম্ভাবনার কথা জানান তিনি।

রেজিস্ট্রার বলেন, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে ৫১৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। এ চাহিদার পরিপ্রেক্ষিতে ৩৪৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা। ঘাটতি বাজেট ৫ কোটি ৫৫ লাখ টাকা। প্রতি বছরের মতো এবারও বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা খাতে। 

এ খাতে বরাদ্দের পরিমাণ ২২২ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ দশমিক ১৬ শতাংশ। তবে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ২১ শতাংশ।

অধিবেশনে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এখলাসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন ও বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ বেশ কয়েকজন সিনেট সদস্য জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত