পাঁচ দফা দাবিতে প্রাইম মুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট স্থগিত হওয়ায় গতকাল বিকেল ৩টা থেকে কনটেইনার পরিবহন চালু হয়েছে। পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতার পর ধর্মঘট স্থগিত করা হয় বলে জানিয়েছেন প্রাইম মুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতকাল বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শ্রমিক ইউনিয়ন নেতা ও এমএম ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা। বৈঠকে শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পাওনার বিষয়ে সমঝোতার পর ধর্মঘট স্থগিতের ঘোষণা হয়।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক জানান, বৈঠকে আগামী দুই মাসের মধ্যে এমএম ট্রান্সপোর্টে কর্মরত প্রাইম মুভার ও ট্রেইলর শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র প্রদান এবং ১৫ দিনের মধ্যে ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে চুক্তি হয়। পাঁচ দফা দাবিতে গত শনিবার সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দেয় প্রাইম মুভার-ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। এতে চট্টগ্রামে কনটেইনার পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর দফায় দফায় বৈঠকের পর সন্ধ্যায় এমএম ট্রান্সপোর্ট ও বিএসআরএম সংশ্লিষ্ট প্রাইম মুভার ছাড়া অন্যান্য গাড়ি চলাচল শুরু হয়েছিল।
