শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই কোয়ারেন্টাইন পরিকল্পনা আনুষ্ঠানিক করতে যাচ্ছে তারা। এই ৭ দিনে হোটেল কক্ষ থেকে কোথাও যেতে পারবে না বাংলাদেশি ক্রিকেটাররা। এমনকি কোনো অনুশীলন সেশনও করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ ব্যাপারে নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা ছিল ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা পৌঁছে কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না বাংলাদেশকে। প্রথম দিন থেকেই অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। কিন্তু লঙ্কান স্বাস্থ্য অধিদপ্তর তা মানেনি। দেশটির আইন অনুযায়ী বিদেশিদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনের কথা বলা হয় অধিদপ্তরের পক্ষ থেকে। পরে এসএলসি বিষয়টি সুরাহা করে। কোয়ারেন্টাইন-পর্ব কমিয়ে ৭ দিনের করে। কোয়ারেন্টাইন ৭ দিনের হওয়ায় মেনে নিয়েছে বিসিবি। এই সময়ের পরও অনুশীলন করে ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুতের সময় থাকবে ক্রিকেটারদের। ইন্টারনেট।
