বহনকারী উড়োজাহাজে ত্রুটির কারণে বিএসএফের প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় পৌঁছাতে না পারায় ঢাকার পিলখানায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে দিল্লি ও কলকাতার সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকায় বিএসএফের প্রতিনিধিদের তাদের নিজস্ব উড়োজাহাজে আসার কথা ছিল। কিন্তু শেষ সময়ে তাদের উড়োজাহাজে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় তারা আসতে পারেননি। সে জন্য গতকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত বিজিবি সদর দপ্তরে ছয় দিনের সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। এ সম্মেলনের নতুন সময়সূচি এখনো ঠিক হয়নি। সম্মেলনের নতুন সময়সূচি নির্ধারণ হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান বিজিবি কর্মকর্তা শরিফুল ইসলাম।
গতকাল সকালে বিজিবি সদর দপ্তরে ছয় দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এম শাফিনুল ইসলাম এবং বিএসএফের ডিজি রাকেশ আস্থানার এতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
