কুষ্টিয়ার কুমারখালীতে একইস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ও গতকাল রবিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে শনিবার সন্ধ্যায় অটোভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. ইনছান (৩০) ও রমজান মিয়া (৩৫) এবং গতকাল সকালে মাইক্রোবাসের ধাক্কায় মো. ফিরোজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সুজন মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, গতকাল সকালে বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে পথচারী মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে গত শনিবার রাতেও একই স্থানে দুর্ঘটনায় আহত দুই ভ্যানযাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবরে লাশ দুটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অপর নেত্রকোনার ঘটনায় স্থানীয়রা জানান, গতকাল দুপুর ১টার দিকে দুটি মোটরসাইকেলে করে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়ক দিয়ে জারিয়া যাচ্ছিলেন চার যুবক। পথে শুকনাকুড়ি ব্রিজ সংলগ্ন শান্তিপুর এলাকায় একটি ট্রাককে সাইড দিয়ে গিয়ে মোটরসাইকেল দুটির সংঘর্ষ বাধে। এতে এক মোটরসাইকেল আরোহী সুজন মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি আহতদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ-আলম জানান, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
