রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী এলাকার একটি বাড়ি থেকে লিজা (১৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে বনানী থানা পুলিশ সংবাদ পেয়ে বনানী চেয়ারম্যান বাড়ী এলাকার ১ নম্বর রোডের একটি বাড়ির চারতলা থেকে লাশটি উদ্ধার করে। বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।
বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, লিজা ওই বাসায় গত তিন মাস ধরে গৃহকর্মীর কাজ করে আসছে। গৃহকর্তার নাম দেলোয়ার হোসেন। বাসার লোকজন পুলিশকে জানিয়েছেন, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় আমরা দাগ পেয়েছি। পুলিশ ওই বাসার সার্ভেন্টরুমে লিজার শায়িত লাশ পেয়েছে। নেত্রকোনা কমলাকান্দা উপজেলা এলাকায় লিজার বাড়ি। তার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
