গণপূর্ত অধিদপ্তরের ২২৭ উপ-সহকারি প্রকৌশলী মোটরসাইকেল পেয়েছেন। পেশাগত কাজে ব্যবহারের জন্য মাঠপর্যায়ে কর্মরত প্রকৌশলীদের মোটরসাইকেল দেওয়া হয়েছে।
সোমবার গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মাঝে চাবি হস্তান্তর করেন সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. মোসলেহ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খালেদ হোসাইনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘মোটরসাইকেল দেওয়ার ফলে মাঠপর্যায়ে অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলীরা নির্মাণ কাজ তদারকি ও বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন’।
তিনি বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর মোট ৩৫ মন্ত্রণালয় ও এর অধীনে থাকা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। এখানে আমাদের নিজস্ব প্রকল্প, নকশা শাখা, সিভিল শাখা, ইলেক্ট্রিক্যাল শাখা, উড ওয়ার্কশপ ও আরবরিকালচার শাখা রয়েছে। এ ছাড়া গণপূর্ত সরকারি স্থাপনার রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজও করে থাকে। ফলে যেসব মাঠ পর্যায়ের প্রকৌশলী আছে তাদের যাতায়াতের বিষয়টি গুরুত্ব দিয়ে মোটরসাইকেল সরবরাহ করা হয়েছে।’
