বোরকা পরা দেখে সন্তানের আবদার রাখব না এটা কি হয়: ঝর্ণা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪০ পিএম

রাজধানী ঢাকায় পল্টন এলাকার একটি মাঠে বোরকা পরে সন্তানের সঙ্গে ক্রিকেট খেলা সেই মা বলেছেন, আমি বোরকা পরা দেখে সন্তানের আবদার আমি রাখবো না এটা কি হয়?

ওই মায়ের নাম ঝর্ণা আক্তার। 

বিবিসি বাংলাকে রবিবার তিনি বলেন, যারা সমালোচনা করছে তারা আসলে ভুল করছে। এটা তো খারাপ কিছু না। তারা যদি ভুল বুঝে থাকে তাতে আমার কোন সমস্যা নাই। আমি চাইবো তাদের ভুল সংশোধন আল্লাহ যাতে করে দেয়। এটা বোঝা উচিত একজন সন্তান যখন আবদার করে তখন একটা মা কিন্তু সব ধরনের আবদার রাখতে চেষ্টা করে। আমি বোরকা পরা দেখে সন্তানের আবদার আমি রাখবো না এটা কি হয়? আমি বোরকা কেন আরো যদি ডবল ডবল বোরকা পরতে হয় তারপরও আমি সন্তানের কথা রাখবো। সন্তানের আনন্দ আমি দিয়ে যাবো। এ জন্যই আমি মা।

ছবি ভাইরাল হওয়া বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টাতে আমাদের ফ্যামিলির সবাই খুশি। কথা বুঝছেন না? আমিও খুশি। কেন খুশি - ফুটবলার কাঞ্চন হচ্ছে আমার ভাই। ফ্যামিলিটাই ক্রীড়া জগত। আমার ছেলেটা তো মাদ্রাসায় পড়ে। ওখান থেকে আমি বিকাল চারটা বাজে নিয়ে আসি। আমি ওকে কাজী নজরুল একাডেমিতে ভর্তি করে দিয়েছি। সেদিন আমি মাঠে আগে চলে আসছিলাম। তখন বাচ্চা ইয়ামিন বলতেছে যে আম্মু তুমি ব্যাটিং করো, আমি বোলিং করি।

ঝর্ণা আক্তার বলেন, আমিও তো খেলোয়াড়। আমি অ্যাথলেটিক্স খেলতাম। ধানমন্ডি ক্রীড়াতে আমার ইভেন্ট ছিল জ্যাভলিন থ্রো, হাই জাম্প, লং জাম্প। ডিসট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত