সমুদ্রগামী জাহাজে সরবরাহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা পরিবেশবান্ধব ‘লো-সালফার’যুক্ত (দশমিক ৫ মাত্রার) জ্বালানি তেলের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে তেল নিয়ে আসা এমটি টিএমএন প্রাইড জাহাজটি গতকাল সোমবার বন্দরের পাঁচ নম্বর ডলফিন জেটিতে ভিড়েছে। বিপিসির চেয়ারম্যান মো. সামছুর রহমান সকালে আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি গ্রহণ করেন।
বিপিসি সূত্র জানায়, সমুদ্রগামী জাহাজগুলোতে সরবরাহের জন্য এত দিন আমাদের দেশে ৩ দশমিক ৫ মাত্রার সালফারযুক্ত জ¦ালানি ব্যবহার করা হতো। পরিবেশদূষণ কমাতে ছয় বছর আগে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) দশমিক ৫ শতাংশ মাত্রার সালফারযুক্ত জ্বালানি ব্যবহারের জন্য সদস্যদেশগুলোর প্রতি নির্দেশনা জারি করে। চলতি বছরের শুরু থেকে সারা বিশ্বে এটি কার্যকর হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও প্রথমবারের মতো এই লো-সালফার জ্বালানি তেল আমদানি শুরু করে। প্রথম চালান হিসেবে সিঙ্গাপুর থেকে ১৫ হাজার মেট্রিক টন ‘লো-সালফার’যুক্ত ফার্নেস অয়েল এসেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মাধ্যমে এই তেল খালাস করা হবে। আমদানি করা এই জ্বালানি তিনটি তেল বিপণন কোম্পানির স্টোরেজ ট্যাংকে মজুদ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
