মন্ত্রিসভা বৈঠক

বিমান করপোরেশন রহিতকরণ আইন অনুমোদন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬ এএম

বাংলাদেশ বিমান করপোরেশন (রহিতকরণ) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে ১৯৯৪ সালের কোম্পানি আইনের অধীনে পরিচালিত হবে রাষ্ট্রীয় মালিকানাধীন এই সংস্থা। তবে কোম্পানি আইনে পরিচালিত হলেও পরিচালনা পর্ষদ অবলুপ্ত ও পুনর্গঠনের এখতিয়ার সরকারের হাতেই থাকবে। এ ছাড়া সরকার বিমানে যেকোনো ব্যবস্থা নিতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে অংশ নেন।  

১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি পরিচালনাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ফোরাম হচ্ছে এজিএম। সেখানেই শেয়ারহোল্ডাররা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেন। কিন্তু বিমানের সব শেয়ারের মালিক সরকার। নানা অজুহাতে পাবলিক লিমিটেড কোম্পানি হলেও বিমানের শেয়ার উন্মুক্ত করা হচ্ছে না।

এত দিন বিমান পরিচালিত হয়েছে ১৯৭৭ সালের অর্ডিন্যান্স অনুযায়ী। কিন্তু উচ্চ আদালত শামরিক শাসনামলে জারি করা সব অর্ডিনেন্স, বিধি ও প্রবিধিকে অবৈধ ঘোষণা করেছে। কিন্তু ২০১৩ সালে বিমানসহ আরও কয়েকটি অধ্যাদেশকে কার্যকর রাখা হয়। ২০০৭ সাল থেকে বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে। তাই করপোরেশনের কার্যকারিতা লোপ পেয়েছে। এ অবস্থায় ‘বাংলাদেশ বিমান করপোরেশন অর্ডিনেন্স, ১৯৭৭’ রহিত করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক দেশ রূপান্তরকে বলেন, মন্ত্রিসভা “বাংলাদেশ বিমান করপোরেশন আইন (রহিতকরণ)-২০২০’-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে। বাংলাদেশ বিমান করপোরেশন (রহিতকরণ) আইনের খসড়া অনুযায়ী কোম্পানি আইনে যা-ই থাকুক না কেন সরকার দক্ষ পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। পরিচালনা পর্ষদ অবলুপ্ত করতে পারবে। ব্যবস্থাপনা চুক্তির অবসান করতে পারবে, যেকোনো চুক্তি বা দলিল পরিবর্তন বা সংশোধন করতে পারবে। অর্ডিনেন্সের অধীনে যেসব কাজ হয়েছে তা এমনভাবে বহাল বা চলমান থাকবে যেন তা রহিত হয়নি। করপোরেশনের সময় দেওয়া লাইসেন্স, চুক্তি, নিবন্ধন, অনুমোদন, অনুদান বা ক্ষমতা অর্পণ যে নামেই অভিহিত করা হোক না কেন তা বিমান প্রদত্ত বলে বিবেচনা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ বিমান করপোরেশনের পরিবর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নামে পাবলিক লিমিটেড কোম্পানি সৃষ্টির জন্য ২০০৭ সালে ১৯৭৭ সালের অর্ডিনেন্সে ২৮এ ধারা সংযোজন করা হয়। এই ২৮এ ধারায় বর্ণিত ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ বিমান করপোরেশন বাতিল করা হয়। এরই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত