গবেষণা ও সমালোচনাধর্মী লেখায় মোহাম্মদ আজমের লেখালেখি বেশ প্রশংসিত। এবার নিয়ে এলেন সিনেমা বিষয়ে অনুবাদের বই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই অধ্যাপক ফেইসবুকে জানালেন বইটির খবর। যার শিরোনাম ‘বিষয় সিনেমা : তিনটি অনূদিত প্রবন্ধ’।
বইটির লেখা প্রসঙ্গে লেখেন, “ওয়াল্টার বেনজামিনের ‘ওয়ার্ক অব আর্ট ইন দি এজ অব মেকানিকেল রিপ্রোডাকশন’, স্টুয়ার্ট হলের ‘এনকোডিং এন্ড ডিকোডিং’ এবং ত্রিন টি. মিন-হা-এর ‘আউটসাইড ইন ইনসাইড আউট’- এ তিনটি প্রবন্ধের অনুবাদ। সাথে অল্পকিছু পর্যালোচনা।”
‘বিষয় সিনেমা : তিনটি অনূদিত প্রবন্ধ’ প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ১০০ পৃষ্ঠার বইটির দাম ২৫০ টাকা।
মোহাম্মদ আজম জানান, বইটি চেইন বুকশপ বাতিঘরে পাওয়া যাচ্ছে। শিগগিরই যুক্ত হবে অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকমের তালিকায়।
লেখকের অন্য বইয়ের মধ্যে রয়েছে ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’, ‘কবি ও কবিতার সন্ধানে’, ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’ এবং ‘হুমায়ূন আহমেদ : পাঠপদ্ধতি ও তাৎপর্য’।
