করোনাজয়ী আসলাম ভোটের লড়াইয়ে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫ এএম

সপরিবারে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শেখ মোহাম্মদ আসলাম। সেই  লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি। সোমবার করা করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে সাবেক এই তারকা ফুটবলারের। আর জয়ী হওয়ার পর এখন আরেক লড়াইয়ে নেমে পড়তে যাচ্ছেন তিনি। লড়াইটা ভোটের। বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে লড়বেন তিনি। তার প্রবল প্রতিদ্বন্দ্বী বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বাফুফে হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন, ভোটের মাঠে সালাম বরাবরই পাকা খেলোয়াড়। খুলনা-৪ আসনের সংসদ সদস্য বিগত তিনবার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বলতে গেলে সহজেই। সেই সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা আসলামের জন্য একটু কঠিনই। ‘যার বিপক্ষে লড়ছি, তিনি অর্থেবিত্তে, ক্ষমতায় হয়তো অনেক এগিয়ে। আমার সম্বল কেবল মানুষের ভালোবাসায়। লোভ ও ক্ষমতার কাছে ভোটাররা নিজেদের বিবেক বিকিয়ে না দিলে, করোনার মতো আমিই এই লড়াইয়েও জিতব।’ গত নির্বাচনে সালামের বিপক্ষে দাঁড়িয়েছিলেন আরেক সাবেক তারতা দেওয়ান শফিউল আরেফিন টুটুল। কিন্তু ভোটের আগে অদৃশ্য কারণে সড়ে দাঁড়ান। আসলাম অবশ্য সে পথে হাঁটবেন না। আগের তিনটি নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেটাকেই বড় শক্তি হিসেবে দেখছেন তিনি, ‘আগের নির্বাচনগুলোতে মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছি। কখনই ভালোবাসা কিনতে হয়নি। এবারও আশা করছি সম্মানিত ভোটাররা নিরাশ করবেন না। ১২ বছরে যারা ফুটবলের জন্য কিছুই করতে পারেননি, তাদের ওপর এবার নিশ্চয় ভোটাররা আস্থা রাখবেন না।’ অসুস্থতার কারণ দেখিয়ে সভাপতি পদে নির্বাচন থেকে সরে যেতে চেয়েও আইনের বাধ্যবাধকতায় লড়াইয়ে টিকে থাকা বাদল রায় আর আসলামকে সামনে রেখে একাট্টা হতে তৎপর হয়েছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের সমর্থনে ‘সমন্বয় পরিষদ’ নামে একটি মোর্চা কিছুদিনের মধ্যেই আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত