আমূল পরিবর্তনের পথে হেঁটে আক্ষরিক অর্থেই বদলে যাচ্ছে বার্সেলোনা। সবচেয়ে পরিবর্তন আসছে দলটির আক্রমণভাগে। এতদিনের মেসি-সুয়ারেজ জুটি ইতিমধ্যেই ভেঙে গেছে। নতুন করে ডাচ আমেজ আসছে বার্সার আক্রমণভাগে। কারণ, স্ট্রাইকার হিসেবে মেম্পিস দিপে ও আক্রমণভাগে জর্জিনিও ভিনালডামকে আনতে যাচ্ছে বার্সেলোনা। এর মধ্যে দিপেকে আনার ব্যাপারে অনেকদূর এগিয়েছে বার্সা। কিন্তু লিভারপুল তারকা ভিনালডামের জন্য বার্সার কাছ থেকে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বলে জানিয়েছে ইংলিশ ক্লাবটি। সব ক্লাবের ক্ষেত্রেই এমনটা হয়। কোনো কোচ নতুন হয়ে এলে তার পছন্দমতো ফুটবলার ওই দলে টেনে আনেন। বার্সার কোচ হিসেবে রোনাল্ড কোম্যান আসার পর তার নজর ডাচ ফুটবলারদের দিকে। এখানে নতুন স্ট্রাইকার হিসেবে আর্জেন্টিনার লুতোরো মার্তিনেজের নামও শোনা যাচ্ছিল। কিন্তু লন্ডন টেলিগ্রাফ বলছে, মার্তিনেজ নয় লিওঁর দিপেই হতে চলেছে মেসির নতুন সঙ্গী ও সুয়ারেজের উত্তরসূরি। ডাচ স্ট্রাইকার দিপের জন্য বার্সেলোনা ২৫ মিলিয়ন ইউরোর যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়েছে লিওঁ। এ ছাড়া বিভিন্ন বোনাস মিলিয়ে আরও ৫ মিলিয়ন দেবে বার্সা। দিপের সঙ্গে কথা বলে তার বার্সা আসা পাকা করে রেখেছেন কোচ কোম্যান। ২০১৮’র ৬ ফেব্রুয়ারি থেকে গত ১৯ আগস্ট পর্যন্ত নেদারল্যান্ডসের কোচ থাকাকালীন দিপে ও ভিনালডামকে দেখেছেন তিনি। ভিনালডাম লিভারপুলে বেশ সুখেই আছেন। তাকে ছাড়তে রাজি নয় অলরেডরা। তবুও বার্সেলোনা আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছে। স্ট্রাইকার পজিশনে বার্সার আরেক পছন্দ মার্তিনেজকে সম্ভবত পাচ্ছে না বার্সা। তাকে বিক্রি করবে না বলেই গায়ে ৯০ মিলিয়ন ইউরোর প্রাইস ট্যাগ লাগিয়ে রেখেছে ইন্তার, যা বার্সার পক্ষে খরচ করা এই মুহূর্তে সম্ভব নয়। তাই এই আর্জেন্টিনার পরিবর্তে দিপের দিকেই নজর এখন বার্সার।
×
