আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১৬ এএম

স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে ছয় মাস পর রেলপথে স্বাভাবিক অবস্থা ফিরতে চলেছে।

শরীফুল আলম জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৫০ শতাংশ আসন অনলাইনে এবং ৫০ শতাংশ আসন স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে। পাশাপাশি বসা ছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য নির্দেশনা আগের মতোই থাকছে। বর্তমানে কিছু লোকাল যাত্রীবাহী ট্রেন বাদে প্রায় সব রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চের পর থেকে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সে সময় থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল। ৫ সেপ্টেম্বর থেকে কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কিছু বিষয় শিথিল করে চলাচল শুরু করে যাত্রীবাহী রেল। ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারেও ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর গত ১ জুন থেকে বাসও চলছিল অর্ধেক যাত্রী নিয়ে। সেজন্য বেশি ভাড়া দিতে হচ্ছিল যাত্রীদের। পরিবহন মালিকদের অনুরোধে ১ সেপ্টেম্বর থেকে সব আসন পূর্ণ করে আগের ভাড়ায় বাস চলাচল শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত