পরপর দুই সন্ধ্যায় ‘হান্ড্রেড বাই হান্ড্রেড’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:২২ পিএম

প্রাচ্যনাট আয়োজিত ‘মহলা মগন’ উঠান নাটকের মেলায় শুক্র ও শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় মঞ্চায়িত হবে ‘হান্ড্রেড বাই হান্ড্রেড’। রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল। প্রতি প্রদর্শনীতে ২০ জন দর্শক নাটক দেখার সুযোগ পাবেন।

স্বাস্থ্যবিধি মেনে ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে।

‘হান্ড্রেড বাই হান্ড্রেড’ নাটকে অভিনয় করছেন তানজিকুন, ফয়সল কবির সাদি, আরিফুল ইসলাম রুবেল, ফয়সল ইবনে মিজান, সৌন্দর্য প্রিয়দর্শিনী, অদ্রী জা আমিন। সহকারী নির্দেশক পারভিন সুলতানা কলি  এবং নির্দেশকের সহকারী ও প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন ফায়সাল সাদি।

নির্দেশক সাইফুল জার্নাল বলেন, “আমরা একটা সহজ গল্প বলতে চেয়েছি। আমরা দেখাতে চেয়েছি অনেক ক্ষমতাধর মানুষের কাছে সাধারণ মানুষেরা কীভাবে অসহায় হয়ে পড়ে, আমরা বুঝতে চাইছি সংকটে মানবতা কর্পূরের মতো কেন উড়ে যায় ? আসলেই কি আমরা নিজেরা নিজেদের চালাই নাকি চালিত হই। বা চলতে বাধ্য হই?”

নাটকের প্রদর্শনী শেষে মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা ‘মনো সামাজিক বিশ্লেষণ ও বর্তমান’ সেশনে কথা বলবেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব ও  ডা. নাসির উদ্দিন আহমেদ।

২০০ টাকার টিকিটে দর্শকেরা নাটকটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া থিয়েটারকর্মীদের জন্য মূল্য ১০০ টাকা। টিকিটের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৯০১০৫০৪০ নম্বরে।

পুরো আয়োজনে প্রচার সহযোগী হিসেবে আছে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত