আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গত মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারদোরতা স্কুল মাঠে দোয়া এবং বিকেলে সদর উপজেলার রূপসা কারিগরি স্কুল মাঠে দোয়া ও স্মরণ সভা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন নাসিমপুত্র সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদরের আংশিক) আসনের সাবেক সাংসদ ও প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, মেছড়া ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ প্রমুখ।
স্মরণ সভায় তানভীর শাকিল জয় বলেন, আমার বাবা মোহাম্মদ নাসিম ও দাদা এম মনসুর আলী আজীবন সিরাজগঞ্জ ও কাজিপুরবাসীর উন্নয়নে কাজ করে গেছেন। তাদের উত্তরসূরি হিসেবে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আপনাদের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই। সবাই আমার প্রয়াত বাবা এবং আমার জন্য দোয়া করবেন।
