শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:২০ এএম

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল। আসামিপক্ষে ছিলেন মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী বশির উল্লাহ জানান, এদিন রাষ্ট্রপক্ষে পেপারবুক (মামলার রায় যাবতীয় নথিপত্র) থেকে অংশবিশেষ উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া একজন আসামির জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য ২৩ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত।

২০০০ সালের জুলাইয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানকার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে ভাষণ দেওয়ার কথা ছিল। সমাবেশের দুদিন আগে ২০ জুলাই কলেজ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী বোমার অস্তিত্ব পাওয়া যায়। পরে ওই কলেজের উত্তর পাশ থেকে ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়। পরদিন ২১ জুলাই গোপালগঞ্জ সদর থেকে ৮০ কেজি ওজনের আরও একটি শক্তিশালী বোমা উদ্ধার হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। ২০১০ সালে মামলা দুটি ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০১৭ সালের ২০ আগস্ট দুই মামলার একটিতে ১০ আসামিকে মৃত্যুদন্ড দেয় বিচারিক আদালত। পাশাপাশি এক আসামির যাবজ্জীবন কারাদন্ড ও তিনজনকে ১৪ বছর করে কারাদন্ড দেওয়া হয়। অন্য মামলায় ৯ জনকে দেওয়া হয় ২০ বছর করে কারাদন্ড। রায় ঘোষণার পর ২৭ আগস্ট বিচারিক আদালত থেকে ডেথ রেফারেন্স ও রায়ের নথি পাঠানো হয় হাইকোর্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত