সরকার সমর্থক আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই পেঁয়াজের মূল্যবৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘বর্তমান গণবিরোধী সরকার দেশবাসীর দৈনন্দিন জীবনের সুখ-শান্তি একের পর এক কেড়ে চলেছে। পাশাপাশি গুম, খুন ও ধর্ষণের ঘটনায় গোটা রাষ্ট্র মনুষ্যত্বহীন চেহারা ধারণ করে জনগণকে নিষ্পেষিত করছে।’
গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় পেঁয়াজের মূল্য স্বাভাবিক করতে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আজ এই দুঃসময়েও জনগণের স্বাভাবিক বাঁচা-মরার গ্যারান্টি নেই। দেশে সীমাহীন বেকারত্ব, কর্মসংস্থানের অভাব ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সরকারের কোনো দায়িত্ব নেই।
