সাভারের পৃথক স্থানে অভিযান চালিয়ে এক সন্ত্রাসী ও পাঁচ মাদক কারবারিকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব। গত বুধবার গভীর রাতে সাভারের হারুরিয়া, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও গণকবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের ভাষ্য, বুধবার রাত দেড়টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ নতুন ডেন্ডাবর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলিসহ রিয়াজুল ইসলাম (৩৬) নামে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল রিয়াজুল। মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করত না। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
তিনি আরও জানান, একই দিন রাতে গণকবাড়ী এলাকার একটি ড্রাগ হাউজে অভিযান চালিয়ে ৩১৬ পিস ট্যাপেন্টাডল মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো মো. নাঈম ইসলাম (২১), মো. আবু বক্কর (২১) ও মো. নুর নবী (২২)। এ ছাড়া হারুরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারসহ মো. মকবুল আহমেদ (২৪) ও মো. হাফিজুর রহমান (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
