বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম গোল পেলেন লিওনেল মেসি। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টিতে জিরোনার বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। রোনাল্ড কোম্যানের অধীনেও এই প্রথম গোল তার। বরাবরের মতো এই ম্যাচেও লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালকে খেলাননি কোম্যান। তবে মেসির সঙ্গে যে তার ভাব জমে উঠেছে তার প্রমাণ আছে। ম্যাচের আগে কোম্যান বলেন, ‘মেসির সঙ্গে অনেক বিষয় নিয়েই কথা হচ্ছে। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছিল তার সঙ্গে ক্লাবের। আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে খোলাসা আলোচনা হচ্ছে এবং বোঝাপড়াও তৈরি হচ্ছে।’
এ নিয়ে প্রাক মৌসুম প্রস্তুতির টানা দুই ম্যাচ জিতল বার্সা। আগের ম্যাচটি তৃতীয় বিভাগের দল জিমনাস্টিকের সঙ্গে। সেই ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ৩-১ গোলে জিতেছে বার্সা। প্রতিপক্ষ জিরোনা দ্বিতীয় বিভাগের দল। ম্যাচে নিজে দুই গোল করেই থামেননি মেসি, একটি গোল বানিয়েও দিয়েছেন। ২০ মিনিটে আর্জেন্টাইন সুপারস্টারের পাস থেকে বল নিয়ে ব্রাজিলিয়ান কুতিনহোকে পোস্টের ঠিক মুখে মাইনাস করেন পর্তুগালের ত্রিনকাও। সহজেই গোল করেন কুতিনহো। বিরতির বাঁশির আগে আগে ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে নতুন মৌসুমে তার প্রথম গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান মেসি। প্রস্তুতি ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে প্রায় পুরো দলকেই তুলে নেন কোম্যান। ৯ পরিবর্তন এনে তরুণদের সুযোগ দেন খেলার। মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে মেসির হাত মেলানোর ছবি দ্রুতই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুজনের মধ্যে দারুণ সম্পর্ক শুরুর বার্তা দিচ্ছে সেই ছবি।
ম্যাচ শেষে ১৯ বছর বয়সী আমেরিকান তরুণ কোনরাদ ডি লা ফুয়েন্তের প্রশংসা করেন কোম্যান। বলেন, ‘তরুণদের মধ্যে সবাই ভালো খেলেছে। তবুও একজনকে বেছে নিতে হলে কোনরাদকে বেছে নেব। এ ছাড়া রিকি পুইগ ও পেদ্রিও ভালো করছে।’ এ ছাড়া সুয়ারেজকে নিয়ে কথা বলেছেন কোম্যান। দলে উরুগুয়ে তারকাকে রেখে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ভিদালকে দলে রাখার কোনো কথাই বলেননি। সুয়ারেজকে দলে থাকার সুযোগ দিলেও আগের মতো একক স্ট্রাইকারের সুবিধাটা দেওয়া হবে না, ‘সুয়ারেজ যদি থেকে যায় তবে তাকে দলের অন্য খেলোয়াড়দের মতো থাকতে হবে। আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি। আমরা এখনো জানি না সে সামনের মৌসুমে দলে থাকছে কি-না। সব নিশ্চিত হওয়ার পর কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।’
