সালাউদ্দিন নেতৃত্বাধীন প্যানেলের বিরুদ্ধে বাফুফে নির্বাচনের কাজে ফেডারেশন ভবন ও এর কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সমন্বয় পরিষদের প্রধান, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম। এ ছাড়া নির্বাচনের আগে বিগত কয়েক বছরে বিভিন্ন লিগের বিজয়ীদের মাঝে শিরোপা বিতরণ অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী প্রচারণার আশঙ্কা প্রকাশ করে তা বন্ধ করার জন্য ইসিকে অনুরোধ জানিয়েছেন আসলাম।
আসলাম বলেন, ‘হঠাৎ করে তারা ক্লাবগুলোকে ট্রফি দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। বোঝাই যাচ্ছে বাফুফের ব্যানার ব্যবহার করে আদতে তারা ক্লাবগুলোকে ভোটের জন্য প্রভাবিত করতে চাইছে। যা নির্বাচনী বিধিমালায় অবৈধ। এটা বন্ধ করার জন্য ইসিকে চিঠি দিয়েছি। এরা সাধারণ সম্পাদকের নির্দেশে নির্বাচনে কারচুপি করার চক্রান্ত করছে। ইসি এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আমরা ফিফার কাছে নালিশ করতে বাধ্য হব।’ আসলাম চিঠিতে ফিফা ও এএফসির পর্যবেক্ষক দলকে নির্বাচনকালীন সময়ে উপস্থিত করারও অনুরোধ করেন।
সমন্বয় পরিষদে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। গতকাল চট্টগ্রাম যাচ্ছিলেন প্রচারণায়। পথেই নির্বাচন নিয়ে প্রত্যয়ী কণ্ঠে বললেন, ‘প্রতিবার আমাদের দাবার ঘুঁটির মতো ব্যবহার করা হয়। কিন্তু এবার সেটা হবে না। টাকা দিয়ে ভোট কেনার যে মিথ্যে অভিযোগ উঠছে, সেটা এবার হতে দেব না। ভোটাররা সালাউদ্দিনের ওপর ক্ষুব্ধ। সালাউদ্দিনরা নির্বাচন এলেই ভোটারদের আদর-যত্ন করে। ভোট হয়ে গেলে আর তারা খবর রাখে না। এবার সেটা হতে দেব না। পরিবর্তন আসবেই।’ এদিকে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ২০ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিক প্যানেল পরিচিতি সভা করবে। আগামী চার বছরের পরিকল্পনা সেখানে উপস্থাপন করা হবে।
