শ্রীলঙ্কা সফরে যাওয়া নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে বিসিবি। নিজেদের প্রস্তুতি আগের পরিকল্পনা মতোই চালিয়ে যাচ্ছে তারা। তবে শ্রীলঙ্কার বোর্ড জবাব দিতে বেশি দেরি করলে নতুন চিন্তা করবে বিসিবি।
গতকাল বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘আমরা তাদের ই-মেইলের অপেক্ষায় আছি। এখনো পাইনি, আশা করি কয়েক দিনের মধ্যে জানতে পারব। নির্দিষ্ট করে আমরা এখনো কিছু বলিনি। আমরা বলেছি, কোয়ারেন্টাইনের মেয়াদ কমাতে হবে ও আমাদের অনুশীলনের সুযোগ থাকতে হবে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
তবে সেই অপেক্ষা যে খুব বেশি সময় ধরে চলবে না, তা জানিয়ে দিলেন জালাল ইউনুস ‘আমরা প্রস্তুত। আগে যে রকম প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে রকম প্রস্তুতিই নিয়ে রেখেছি। ইতিবাচক কোনো উত্তর এলে আমরা এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিতে পারব। সেদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। দুই-এক দিন হয়তো এদিক সেদিক হতে পারে। বেশি দেরি করলে আবার আমাদের হয়তো নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।’
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ও শ্রীলঙ্কা ক্রিকেটের কর্তারা মঙ্গলবার দেশটির সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করেন। এরপর এসএলসির ভাইস প্রেসিডন্ট ক্রিকইনফোকে বলেছেন, দুই ভাগে কোয়ারেন্টাইনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ দল ঢাকায় ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে কলম্বোতে গিয়ে আবার ৭ দিনের কোয়ারেন্টাইন করবে।
