ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টুর বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো কারবারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, বাড়িদখলসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদকে জমা হওয়া সেন্টুর অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে বড় বড় কাজ বাগিয়ে নেওয়া, বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ঢাকার বিভিন্ন ক্লাব কমিটির কাছ থেকে ভাড়া নিয়ে জুয়ার আসর পরিচালনা, বিভিন্ন ক্লাবে ক্যাসিনোয় বিনিয়োগ, চাঁদাবাজি, জমি দখল, জুয়া, মাদক ব্যবসায়ের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন দেশের পাচার করেছেন তিনি। নামে বেনামে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ।
ক্যাসিনোকাণ্ডে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে গত বছরের ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানে নামে দুদক। প্রায় ২০০ জনের তালিকা ধরে ওই অনুসন্ধান চলছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এই অনুসন্ধান করছে। অপর সদস্যরা হলেন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
