ভারত সরকার সুকৌশলে বাংলাদেশের সর্ববৃহৎ দুটি রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও বিএনপি) প্রধান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ভারত বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। তারা সুকৌশলে আমার দেশের দুই নেত্রীকে বন্দি করে রেখেছে। খালেদা জিয়াকে গুলশানে এবং শেখ হাসিনাকে আমলার দ্বারা আবদ্ধ করে রেখেছে। ভারত সরকারের এই কূটচালকে ছিন্ন করে তাদেরকে একটি ‘ফাইনাল ওয়ার্নিং’ দেওয়া উচিত।’
তিনি বলেন, ‘ভারত নজর দিয়েছে কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায়। আর সে কারণে আন্তর্জাতিক নিয়মাবলি না মেনে হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এভাবে চলতে পারে না। তাদেরকে একটি ফাইনাল ওয়ার্নিং দেওয়া উচিত। চলুন, সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।
