আইপিএল শুরুর আগেই হার কোহলির দলের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৪ পিএম

টিম চাহাল বনাম টিম বিরাট কোহলি। আইপিএলের আগে নিজেদের ভুল ত্রুটি মেরামত করে নিতে এমনই অভিনব অনুশীলন ম্যাচ আয়োজন করেছিল র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই ম্যাচেই বিরাট কোহলির দল হেরে গেল চাহালের দলের কাছে!

প্রস্তুতি ম্যাচের বিস্তারিত স্কোর পাওয়া যায়নি। তবে জানা গেছে, চাহালের দলের হয়ে খেলেছিলেন এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাডিক্কল, উমেশ যাদব, বাঁ হাতি স্পিনার শাহবাজ নাদিমরা। অন্যদিকে কোহলির দলের হয়ে খেলেন ডেল স্টেইন, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, পার্থিব প্যাটেলরা।

আরসিবি পরিচালক মাইক হেসন বলেন, “ম্যাচে সবাইকে দেখে নেওয়ার ছিল। আমাদের বোলাররা বাঁ হাতি এবং ডান হাতি ব্যাটসম্যানদের কেমন বোলিং করেন, তা যাচাই করে নেওয়া গেল। দলের প্রথম একাদশের অর্ডারে বেশ কিছু পার্টনারশিপ আমরা তৈরি করে রাখছি।”

প্রস্তুতি ম্যাচ বেশ স্লো উইকেটে খেলা হয়েছিল। দুই দলের মধ্যে সর্বোচ্চ স্কোরার এবি ডি ভিলিয়ার্স। দেবদূত পাদিক্কলের সঙ্গে ওপেন করতে নেমে ৩৩ বলে ৪৩ করেন তিনি।

বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর নিজের চার ওভারে ১১ রানের বিনিময়ে ২ উইকেট নেন। ১৩ রানের বিনিময়ে শাহবাজ নাদিম নেন ৩ উইকেট।

হেসন ম্যাচের পরে বলেন, “বেশ চ্যালেঞ্জিং উইকেটে খেলা হল। দলের স্কিলের পরীক্ষা হল ভালোমতো। বেশ কিছু বিভাগে আমাদের এখনো কাজ করতে হবে। সব মিলিয়ে বেশ চ্যালেঞ্জিং পরিবেশে খেলা হল।”

১৯ তারিখে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই এল ক্লাসিকো। মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স এবং সিএসকে। আরসিবির অভিযান শুরু হচ্ছে সেপ্টেম্বরের ২১ তারিখে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত