লিওনেল মেসি বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বার্সা সমর্থকদের মনে স্বস্তি জুগিয়েছেন। তবে এমনটা না হলে এতদিনে সিটির আকাশি জার্সিতে থাকতেন মেসি। সিটির প্রথম ম্যাচ খেলার জন্য পুরোদমে অনুশীলনও করতেন। এবং সিটির শিরোপা পুনরুদ্ধারের মিশনে জোড়া হাওয়া লাগাতেন। মেসি না থাকায় সিটির শিরোপা সম্ভাবনা যে কম এমন নয়।
দলে নতুন খেলোয়াড় ফেরান তরেসের বিশ্বাস মেসিকে ছাড়াই শিরোপা জেতার ক্ষমতা আছে সিটিজেনদের। ভ্যালেন্সিয়া থেকে ২০ মিলিয়ন পাউন্ড চুক্তিতে এবার সিটিতে যোগ দিয়েছেন ফেরান। সোমবার প্রথম ম্যাচে খেলতে পারেন এ তরুণ উইঙ্গার। তার বিশ্বাস, মেসিকে ছাড়াই শিরোপা জেতার মতো শক্তি ম্যানসিটির আছে ‘মেসিকে ছাড়াও আমাদের দলটা দারুণ। সে থাকলে অবশ্যই দলের শক্তি বাড়ত কিন্তু ছয়বারের বর্ষসেরা তারকা না থাকা মানে আমরা শিরোপা জিততে পারব না এমন নয়। আমাদের এমন এক গ্রুপ ফুটবলার আছেন যারা চ্যাম্পিয়নস লিগে দারুণ কিছু করতে পারবে এবং বিশ্বের যেকোনো দলের বিপক্ষে লড়তে পারবে।’
