ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:২২ এএম

বিতর্ক পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনের বাকি আর মাত্র কিছুদিন। এর মধ্যেই তার বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দ্য গার্ডিয়ানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক মডেল অ্যামি ডরিস অভিযোগ করেন, আজ থেকে ২৩ বছর আগে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট দেখতে গিয়ে ট্রাম্পের যৌন হেনস্তার শিকার হন তিনি।

ট্রাম্প অবশ্য আগের মতো এবারও এমন অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৬ সালের নির্বাচনের সময়ও পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসসহ ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে মামলাও হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনের আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠল।

৪৮ বছর বয়সী ডরিস থাকেন ফ্লোরিডায়। দুই যমজ কন্যার এই মায়ের দাবি : ২০১৬ সালে যখন অন্য আরও অনেক নারী ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তখনই তিনি এ ঘটনার কথা বলতে চেয়েছিলেন। তবে পরিবারের ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থেকে তখন সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন তিনি।

গত বৃহস্পতিবার গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডরিস বলেছেন, ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ইউএস ওপেন টুর্নামেন্ট চলাকালে ট্রাম্প ভিআইপি বক্সের বাথরুমের বাইরে তাকে যৌন হয়রানি করেন। তখন ডরিস ছিলেন ২৪ বছরের তরুণী। ট্রাম্প তাকে শক্ত করে জড়িয়ে ধরে জোর করে চুম্বন করেছিলেন, সারা শরীর স্পর্শ করেছিলেন।

ওই দিনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ট্রাম্পকে তিনি চেঁচিয়ে সরে যেতে বলেছিলেন, থামতে বলেছিলেন। কিন্তু ট্রাম্প তার ওপর জোর খাটিয়েই যাচ্ছিলেন। ডরিসের অভিযোগ, তাকে এমনভাবে জাপটে ধরা হয়েছিল যে অনেক চেষ্টা করেও ছাড়ানো যাচ্ছিল না। তার দাবি, এত বছর পরও সেই ঘটনা ভুলতে পারেননি এবং রীতিমতো ‘অসুস্থ’ ও ‘নিপীড়িত’ বোধ করেন।

এত বছর পর কেন এ ঘটনা সামনে আনলেনএমন প্রশ্নের উত্তরে ডরিস বলেন, তার দুই মেয়ের বয়স ১৩ হতে চলেছে। তাদের সঙ্গে যেন এমনটা না হয়, তিনি তা নিশ্চিত করতে চান। তার মেয়েরা জানুক, অন্যায়ের বিরুদ্ধে তাদের মা চুপ থাকেননি, মুখ খুলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত