শাহ আহমদ শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী ও সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার শোকবার্তায় বলেন, আল্লামা শফী দেশে-বিদেশে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুত দেশ একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদকে হারাল। রাষ্ট্রপতি আল্লামা শফীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, আল্লামা শফী ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার শোকবার্তায় বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আহমদ শফী।’
আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী ইসলামি শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদকে হারিয়েছেন।’
আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমদ শফীকে ইসলামি চিন্তাজগতের একজন বরেণ্য আলেম আখ্যায়িত করে তার মৃত্যুকে দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফীর পৃথিবী থেকে চিরবিদায়ে ইহকাল ও পরকালের সঠিক দিকনির্দেশনা পেতে বঞ্চিত হলো দেশবাসী। তিনি মানুষকে সুপথে চলার জন্য কোরআন-হাদিস যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে বক্তব্য রেখেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত।’
আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফীর মৃত্যুতে উপমহাদেশের এক প্রখ্যাত আলেমের জীবনাবসান হলো। তার মৃত্যুতে দেশের ইসলাম প্রসারের ধারায় অপূরণীয় ক্ষতি হয়েছে।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘আল্লামা শাহ আহমদ শফী ছিলেন আলেম-উলামা ও তৌহিদি জনতার প্রিয় রাহবার। তার মৃত্যুতে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’
খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরও আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
