সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বলিউড। এ নিয়ে পুরো ভারতেই চলছে নানা বিতর্ক। এরই ভেতরে একজন বিজেপি সাংসদকে নিয়ে বিরূপ মন্তব্য করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। বিজেপি সাংসদ রবি কিষেণকে নিয়ে অনুরাগ বলেন, ‘সংসদে দাঁড়িয়ে বলিউডের সঙ্গে মাদকযোগের অভিযোগ করেছে রবি কিষেণ, অথচ ও তো নিজেই একসময় গাঁজা সেবন করত।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোজপুরি অভিনেতা, সাংসদ রবি কিষেণকে নিয়ে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ। অনুরাগ বলেন, ‘রবি আমার সঙ্গে শেষ ছবি মুক্কাবাজ-এ কাজ করেছে। ও তো দিন শুরু করতই জয় শিবশঙ্কর, জয় বম ভোলে, জয় শিব শম্ভু.. বলে। দীর্ঘদিন মাদকও সেবন করেছে। কে না জানে সে কথা? এ রকম কেউ নেই যিনি জানেন না যে রবি গাঁজা সেবন করত। হতে পারে ও এখন ওইসব ছেড়ে দিয়েছে। সম্ভবত রাজনীতির ময়দানে প্রবেশ করার পর সেই অভ্যাস ছেড়েছেন, শুদ্ধ হয়েছেন।’
অনুরাগ কাশ্যপ আরও বলেন, ‘আমি যদিও রবির বিচার করছি না। কারণ, আমি গাঁজাকে মাদকের পর্যায়ে ফেলি না। ও ধূমপান করত, তবে কাজটাও ভালো করে করত। এটা এমন কিছু বিষয় নয়। গাঁজা সেবন ওকে খারাপ মানুষ বানায় নি কখনো। তবে ও যখন সংসদে দাঁড়িয়ে জনসমক্ষে বলিউডে মাদকযোগের অভিযোগ তুলছে, তাতে আমার ঘোর আপত্তি রয়েছে।’
এদিকে অনুরাগের কথার উত্তরে ANI-কে রবি কিষেণ বলেন, ‘আমি অনুরাগের কাছ থেকে এ ধরনের কথা আশা করিনি। আমি শিবের ভক্ত, তাই শিবের ভক্ত, তাই মন্ত্র উচ্চারণ করি। আমার লড়াইটা মাদকের বিরুদ্ধে। আমার খারাপ লাগছে ও আমায় সমর্থন করল না।’
