সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মোবাইল চোর ও ছিনতাই চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে র্যাব-৪। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি ও ছিনতাই হওয়া ৬৮টি স্মার্ট এনড্রয়েডসহ ফিচার মোবাইল ফোন।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন।
এর আগে বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির সময় তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- গোপালগঞ্জ জেলার মৃত আব্দুল হাকিমের ছেলে আবুল কালাম (৪৯), নাটোর জেলার মৃত আমির উদ্দিন প্রমানিকের ছেলে মহসিন আলী (৫০), ভোলা জেলার মোতাছিম বিল্লাহর ছেলে সোহেল রানা (২৪) ও বরগুনা জেলার মৃত জয়েন উদ্দিন হাওলাদারের ছেলে সুজন (২৬)।
তারা সকলে আশুলিয়া ও জামগড়া এলাকায় বিভিন্ন বাসা বাড়ির ভাড়াটিয়া।
র্যাব জানায়, সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই ও চুরিকৃত বিপুলসংখ্যক মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে এই সিন্ডিকেটের সদস্যরা আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র্যাব।
পরে বিকেলে এসব মোবাইল বিক্রির সময় হাতেনাতে এই চক্রের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৩টি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ও ৩৫টি ফিচার (বাটন) ফোন উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জানান, মূলত এই চক্রের আটক সদস্যরা সাধারণ মানুষের মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই কিংবা চুরি করে তা বিক্রি করে আসছিল।
পরে বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল সংগ্রহের পর তা একত্রে বিক্রি করার চেষ্টাকালে আজ তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
