ইংল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কড়া পদক্ষেপ নিল ব্রিটিশ প্রশাসন। আইসোলেশনে থাকতে না চাইলে দিতে হবে ১০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ লাখ টাকা।
আলজাজিরা জানায়, ২৮ সেপ্টেম্বর থেকে এ আইন কার্যকর হবে। এদিন থেকে করোনা পজিটিভ হওয়া কোনো ব্যক্তি যদি আইসোলেশনে থাকে বা অন্য কারও মধ্যে সংক্রমণ ঘটায় তাকে এই জরিমানা দিতে হবে।
শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমাদের একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়তে হবে। সংক্রমণ যাতে না বাড়ে সে বিষয়েও সতর্ক থাকবে হবে জনসাধারণকে। যারা করোনা সংক্রান্ত সরকারি নিয়ম অবজ্ঞা করবেন তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে।’
ইংল্যান্ডে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর-পশ্চিম, উত্তর এবং মধ্য ইংল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
করোনা পজিটিভ আসা ব্যক্তিকে ১০ দিন আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। আক্রান্তের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিকেও আইসোলেশনে থাকতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যেন এই নির্দেশকে খাটো করে না দেখেন। সংক্রমিত ব্যক্তিরা যেন সরকারকে এ কাজে সহযোগিতা করেন।’
এ ছাড়া বিদেশ থেকে আসা ব্যক্তি আইসোলেশনের নিয়ম ভঙ্গ করলে তাকেও জরিমানা হবে। সেই জরিমানার পরিমাণ এক হাজার পাউন্ড ১০ হাজার পাউন্ড হতে পারে।
ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত চার লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৪১ হাজার ৭৭৭ জন।
