অঙ্কের ভয় দূর করো

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০১:৪০ এএম

অঙ্ক বিষয়টাকে অনেকেই ভয় পায়। ভয়ের কারণে অঙ্কে ভুল করে বসে। ফলে পরীক্ষায় জোটে কম নম্বর। অঙ্কের ভয় কী করে দূর করবে তা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাত হাবিব

 কেবল মুখস্থ করে অঙ্কে ভালো করা যায় না। এর জন্য চর্চা করতে হবে তোমাকে। অঙ্কের জন্য একটু বেশি সময় দাও। মনোযোগ দিয়ে প্র্যাকটিসে বসো। মনে রাখবে, যত বেশি সমাধান করবে, তত বেশি সহজ হবে। একেক অঙ্কের ধরন একেক রকম। তাই অঙ্কের নিয়মগুলো ভালো করে জেনে নাও।

  অঙ্কে তোমার ভুল হচ্ছে কোথায়? একটি অঙ্ক ভুল হলে তা বারবার প্র্যাকটিস করো। সমাধানে পৌঁছানোর পর নিজের আগের ভুলগুলো আবার ভালো করে দেখো। তাহলে পরেরবার সেই অঙ্ক করতে গেলে ভুলগুলো মনে পড়বে।

  মনে রেখো, অঙ্ক মুখস্থ করার বিষয় নয়। অনেকেই অঙ্ককে ভয় পেয়ে মুখস্থ করে ফেলতে চাও। এই কাজটি কিন্তু একদমই করবে না। এতে সাময়িকভাবে অঙ্ক পারলেও একই ধরনের অন্য অঙ্ক করতে পারবে না। আর বেশি দিন মুখস্থ করে রাখতে পারবে না।

  এমনটা তো মাঝেমধ্যেই হয় যে অঙ্কের অর্ধেক অবধি ঠিকই করে ফেলেছো, কিন্তু তারপর আর পারছো না। কেন পারছো না তার কারণ খুঁজে বের করো। ভুলটা কোথায় হচ্ছে বুঝতে চেষ্টা করো। বুঝতে না পারলে শিক্ষকের সাহায্য নাও।

  হিসাব মেলানো কিন্তু মজার একটি খেলা। বারবার ভুল করলেও একসময় যখন সমাধানে পৌঁছাতে পারবে, তখন দেখবে ভীষণ আনন্দ হচ্ছে। কেবল পরীক্ষায় ভালো নম্বর পেতে নয়, আনন্দ নিয়ে অঙ্ক করো। ভয়কে জয় করা শিখতে হয়।

  কোনো অঙ্কের যোগে ভুল হচ্ছে, কোনোটি সাজাতে গিয়ে হয়তো সমস্যায় পড়ছো। ভুলগুলো পয়েন্ট আকারে এক জায়গায় লিখে রাখো। এতে পরবর্তী সময়ে ওটা দেখলে আর ভুল হবে না। মনে রেখো অঙ্কে প্র্যাকটিসের বিকল্প নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত